

নালিতাবাড়ী প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর ছেলে আহত হয়েছেন এবং একটি গরুও মারা গেছে।
নিহত হাওয়া বেগম দুধকুড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী। আহত ছেলে মো. হাছান আলী (৫০) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সম্প্রতি ঝড়ের কারণে এলাকার একটি বোরো আবাদের বৈদ্যুতিক সেচলাইনের তার ছিঁড়ে মাঠের মধ্যে পড়ে ছিল। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে হাছান আলীর একটি গরু মাঠে ঘাস খাওয়ার সময় ওই ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। গরুটিকে উদ্ধার করতে গেলে হাছান আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
ছেলের আর্তচিৎকার শুনে বৃদ্ধা মা হাওয়া বেগম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। মাতৃত্বের টানে ছেলেকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুটিও মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নয়াবিল ইউনিয়ন পরিষদের সদস্য মো. ওমর আলী বলেন, “একজন মায়ের সন্তানের প্রতি ভালোবাসার এমন করুণ পরিণতি সত্যিই বেদনাদায়ক। ছেলেকে বাঁচাতে গিয়ে তিনি নিজের জীবন হারিয়েছেন।”


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

