

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর পশ্চিমপাড়া গ্রামে এক যুক্তরাজ্য প্রবাসীর বিরুদ্ধে নিজ বাড়ি থেকে মা, দুই ভাই ও বোনকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ ঘটনার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী আনহার মিয়া মুন্নার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে তিনি মা, দুই ভাই রিপন মিয়া ও রাজু মিয়া এবং বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় উভয় পক্ষ জগন্নাথপুর থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
রিপন মিয়া ও রাজু মিয়া অভিযোগ করে বলেন, বাড়িটি এককভাবে দখলে নেওয়ার উদ্দেশ্যে তাদের বড় ভাই দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ তাদের বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে।
গ্রামের সালিশি ব্যক্তি মশরফ আলী বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও প্রবাসী আনহার মিয়া মুন্নার অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি।
কেশবপুর বাজার পরিচালনা কমিটির সহ-সেক্রেটারি আনোয়ার হোসেন আনু বলেন, প্রবাসীর এমন আচরণে এলাকাবাসী বিস্মিত। তিনি আরও অভিযোগ করেন, রাস্তার মুখে সাময়িকভাবে সিমেন্ট রাখার কথা বলে নির্মিত একটি ঘর এখনো অপসারণ করা হয়নি।
তবে অভিযোগ অস্বীকার করে যুক্তরাজ্য প্রবাসী আনহার মিয়া মুন্না বলেন, “আমি কাউকে বাড়ি থেকে তাড়িয়ে দিইনি। যুক্তরাজ্য থেকে দেশে ফিরে এসে তাদের বাড়িতে পাইনি।”
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

