

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোনো ধরনের অবৈধ বা অপকর্ম করলে তা বরদাশত করা হবে না। দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, কোথাও কোনো সমস্যা হলে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করতে হবে। জনগণের সমস্যা সমাধানে দলীয় নেতারা কাজ করবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে পৌরপয়েন্টে আয়োজিত র্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে এমরান আহমদ চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৮ বছর আগে বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপি দেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও তিনি দাবি করেন।
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিগত ১৭ বছরে বিদ্যুৎ খাতে বিপুল অর্থ পাচার হয়েছে। এ কারণে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তবে অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে এমরান আহমদ চৌধুরী বলেন, কৃষক ও সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের কার্ড ও আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য স্কুলে খাবার ও ইউনিফর্ম এবং নারীদের জন্য উচ্চশিক্ষা পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে সিলেট থেকে শেওলা পর্যন্ত ছয় লেন সড়কের কাজ আগামী মাস থেকে শুরু হওয়ার কথা রয়েছে। বাঘা ও কুড়ির বাজার সেতুর কাজও শেষ পর্যায়ে। চলতি বছরের মধ্যেই সেতু দুটির কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এমরান আহমদ চৌধুরী বলেন, ‘‘আমাকে দুই বছর সময় দেন, ইনশাআল্লাহ বিয়ানীবাজার-গোলাপগঞ্জের রাস্তাঘাটের কোনো সমস্যা থাকবে না।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘‘বিএনপির নাম ভাঙিয়ে কেউ বাজে কাজ করলে আমরা তা বরদাশত করব না।’’ দলের নেতৃবৃন্দও এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন বলে জানান তিনি।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল ও সাধারণ সম্পাদক মনিরউজ্জামান উজ্জল। এ ছাড়া জেলা, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

