

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় তিন অসহায় পরিবারের জমি জবরদখল, হামলা ও মামলা তুলে নিতে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
সোমবার বিকেল ৪টায় সুনামগঞ্জ শহরের একটি স্থানীয় পত্রিকা কার্যালয়ে তিন ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্বম্ভরপুর উপজেলার বাঘমারা ও নতুনপাড়া এলাকার ভুক্তভোগী মো. আমীর আলী জাকেরীন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বাঘমারা এলাকায় তার রেকর্ডীয় খরিদা জমি দখলের উদ্দেশ্যে আশরাফ হোসেনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে গাছপালা কেটে ফেলে এবং পরিবারের সদস্যদের মারধর করে। এ সময় ঘরে থাকা ৭৫ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় বিশ্বম্ভরপুর জোনে সিআর মামলা করেছেন বলে জানান আমীর আলী।
অন্যদিকে হাজেরা খাতুন অভিযোগ করেন, তিনি বাঘমারা মৌজায় ২ লাখ ৮০ হাজার টাকায় জমি কিনে বসতঘর নির্মাণের পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাকে ভিটা থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছেন। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন।
এ ছাড়া মমতা বেগমের বাড়িতে হামলার অভিযোগেও মামলা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ভুক্তভোগীদের দাবি, মামলাগুলো প্রত্যাহারে অব্যাহত হুমকির কারণে তিন পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
সংবাদ সম্মেলনে অভিযুক্ত আশরাফ আলী ও হাদিছ মিয়াসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান ভুক্তভোগীরা। এ সময় হাজেরা খাতুন ও মমতা খাতুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

