

এম এ কাশেম চৌধুরী : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বহুল আলোচিত সাড়ে তিন কোটি টাকা প্রতারণা মামলায় অভিযুক্ত ইয়াকুব ও তার ভাই ইসমাইলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ জুলাই) আদালতে হাজিরা দিতে গেলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়। এর আগে, মামলার অধিকতর তদন্ত শেষে সিআইডি গত ৮ জুলাই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করে। অভিযুক্ত দুই ভাই জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-গোয়ালগাঁও গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।
মামলাটির তদন্তে গুরুত্বপূর্ণ ত্রুটি চিহ্নিত করে এর আগে সুনামগঞ্জের দায়রা জজ আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন। আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, মামলার এক আসামির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ইয়াকুব ও ইসমাইলের সম্পৃক্ততার বিষয় উঠে এলেও তদন্তকারী কর্মকর্তা তাদের অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করেননি।
ফৌজদারি রিভিশন মামলা নং-৮৮/২০২০-এর রায়ে ২০২১ সালের ২৫ অক্টোবর অতিরিক্ত দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার নিম্ন আদালতের পূর্ববর্তী আদেশ বাতিল করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডির কাছে পাঠানোর নির্দেশ দেন।
রায়ে আরও উল্লেখ করা হয়, প্রতারণার মাধ্যমে আত্মসাৎ হওয়া প্রায় সাড়ে তিন কোটি টাকার অর্থ উদ্ধার না হওয়া, ওই অর্থে কেনা হয়েছে বলে অভিযোগ থাকা জমির দলিল জব্দ না করা এবং দণ্ডবিধির ১০৯ ধারা সংযুক্তির বিষয়টি বিবেচনায় না নেওয়াও তদন্তের উল্লেখযোগ্য দুর্বলতা।
মামলার বাদী মাওলানা ইমরান আহমদের অভিযোগ, অলৌকিকভাবে বিপুল অর্থ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। ন্যায়বিচারের স্বার্থে মামলাটির অধিকতর তদন্ত প্রয়োজন বলে আদালত পর্যবেক্ষণ দিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তদন্ত প্রতিবেদন দাখিলের পর সর্বশেষ শুনানিতে আদালত ইয়াকুব ও ইসমাইলের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের
বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

