শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

আজিজ হত্যার বিচারে বিশ্বনাথে বিশাল মানববন্ধন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: মৌলভীবাজারে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিশ্বনাথে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর রামপাশা ইউনিয়নের পিছরমুখ এলাকায় ‘বৃহত্তর আমতৈল গ্রামের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন।

আমতৈল দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মুফতি ফারুক আহমদের সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা আছাব উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুল আজিজকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা দাবি করেন, এ ঘটনায় যাকে মূল হোতা হিসেবে আটক করা হয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তাই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপি নেতা খসরুজ্জামান খসরু, রামপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমএ সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন ও বিএনপি নেতা এনাম শাহ্।

নিহতের পরিবারের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে ছোট ভাই মাওলানা আব্দুল্লাহ কান্নাজড়িত কণ্ঠে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। মাহতাব উদ্দিন অভিযোগ করেন, বিদেশ যাওয়ার জন্য জমা রাখা টাকা ফেরত চাইতে গিয়ে বিরোধের জেরে আজিজ হত্যার শিকার হয়েছেন এবং ঘটনার সঙ্গে আড়ত মালিক নুর ইসলাম ও তার স্বজনদের সম্পৃক্ততা রয়েছে।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি, জামায়াত, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ সংহতি প্রকাশ করেন। শেষে নিহতের আত্মার মাগফিরাত কামনা এবং হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ৭ জুলাই দিবাগত রাতে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে একটি বাড়ির বাথরুম থেকে আব্দুল আজিজের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। তিনি স্থানীয় একটি শুটকির আড়তে কর্মরত ছিলেন। এ ঘটনায় পুলিশ সোলেমান মিয়া নামে একজনকে আটক করেছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281