

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের অংশগ্রহণে সমাবেশ ও নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রতন কুমার অধিকারীর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক সনি রহমান।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং অভিভাবকদের সম্পৃক্ততা জোরদারের ওপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য দেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এডহক কমিটির সদস্য মো. করিম মাহমুদ লিমন।
এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আলিম, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, মুসলিমনগর সূর্য তরুণ সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি দেলোয়ার হোসেন দুলু, অভিভাবক বিল্লাল হোসেন ও রুকুন উজ্জামান রুকুসহ অন্যান্যরা।
সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, একটি আদর্শ সমাজ গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে এডহক কমিটি আন্তরিকভাবে কাজ করবে। পাশাপাশি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত দায়িত্ব পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। বক্তারা বিদ্যালয়ের উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

